কুমিল্লায় ডাকাতি-চুরির আসামিসহ গ্রেপ্তার ১৪

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতি ও চুরির মামলার আসামিসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলার একজন, চুরির মামলার তিনজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় নয়জন রয়েছেন।
সোমবার (২ নভেম্বর) দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতির প্রস্তুতি মামলায় তুজারভাঙ্গা গ্রামের নাছিরকে (৩০) এবং চুরির মামলায় একই গ্রামের রুবেল (২৫), উত্তর গোপচর গ্রামের তোফাজ্জল (৪৬) ও চাঁদপুরের কচুয়া উপজেলার মালছোয়া গ্রামের রাব্বি হোসেনকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে ইছাপুর গ্রামের শরীফ মৃধাকে (৩২) গ্রেপ্তার করা হয়।

