‘মাদকাসক্ত’ ছেলের প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন মা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর ছেলের প্রাণনাশের হুমকিতে বাড়ি ছেড়েছেন এক মা। সাত বছরের নাতিকে নিয়ে আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়িতে। জীবনের নিরাপত্তা চেয়ে থানা ও উপজেলা প্রশাসনের দ্বারস্থ হলেও এখনও প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন নাসিমা বেওয়া (৪৭)।
গত রোববার (১ নভেম্বর) কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাজু মোবাইল ফোনে তাকে প্রাণনাশের হুমকি দেন। এতে ভীত হয়ে ওই দিনই সাত বছরের নাতি মিনহাজকে নিয়ে বাবার বাড়ি পাইকেরছড়ায় আশ্রয় নেন তিনি। এরপর রাজু তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর চালান এবং মাকে খুঁজতে থাকেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নাসিমা বেওয়া ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের দফাদার মোড় এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মৃত হবিবর রহমান। তার ছেলে রাজু মিয়ার (২২) বিরুদ্ধে মাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে স্বামীর মৃত্যুর পর দুই ছেলে, বড় ছেলের স্ত্রী ও নাতিকে নিয়ে বাড়িতে বসবাস করছিলেন নাসিমা। পরিবারের অভিযোগ, বড় ছেলে রাজু মাদকাসক্ত হয়ে পড়েন। তার নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় এক বছর আগে রাজুর স্ত্রী স্বামী ও সন্তানকে রেখে ঢাকায় চলে যান। এরপর মাদকের টাকা জোগাড় করতে রাজু মায়ের ওপর নির্যাতন চালানোর পাশাপাশি ঘরের জিনিসপত্র বিক্রি করতে থাকেন বলে অভিযোগ রয়েছে।
এ পরিস্থিতিতে গত ২ জুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রাজুকে ১০০ টাকা জরিমানা ও পাঁচ মাসের কারাদণ্ড দেন। রাজু কারাগারে যাওয়ার পর ভয়ে তার ছোট ভাই লিমন (১৮) ঢাকায় চলে যান বলে জানা গেছে।

