‘স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

কোতোয়ালি মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগে মো. শহীদুল্লাহ দাবি করেন, অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর ও পরিবারের ক্ষতি এবং মানহানির উদ্দেশ্যে তাঁর ও তাঁর স্ত্রীর ছবি সংগ্রহ করে এআইয়ের মাধ্যমে সম্পাদনা করে ছবি ও ভিডিও তৈরি করেছেন।
গতকাল রাতে মো. শহীদুল্লাহ বলেন, ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গে ধারণ করা। কীভাবে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা তিনি জানেন না। তাঁর ধারণা, অজ্ঞাতনামা কেউ শত্রুতাবশত তাঁর মোবাইল ফোন থেকে ভিডিওটি ছড়িয়ে দিয়ে থাকতে পারে।
এ বিষয়ে জামায়াতের মেয়র প্রার্থী ও মহানগর জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ কায়সার বলেন, মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগের সময় বিভিন্ন এলাকার লোকজন তাঁর সঙ্গে থাকেন। বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনও এতে অংশ নেন। মো. শহীদুল্লাহ হয়তো কোনো এক গণসংযোগে ছিলেন। সেই সময়ের একটি ছবি ব্যবহার করে বিরোধী একটি পক্ষ তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছে।
এ বিষয়ে মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ওই নেতার ব্যক্তিগত। শহীদুল্লাহ দাবি করেছেন, ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গে ধারণ করা। মোবাইল ফোন হ্যাক করে বা অন্য কোনোভাবে কারা এটি ছড়িয়ে দিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।’
কামরুল আহসান আরও বলেন, বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত শহীদুল্লাহর রুকনিয়ত স্থগিত করা হয়েছে। নৈতিক স্খলনজনিত বিষয় বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

