১০ দিন পর বাড়ি ফিরলেন অপহৃত বিশ্ববিদ্যালয়ছাত্র রিদয়ন

পরিবার ও ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুরে বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশ্যে রওনা হন রিদয়ন। আবদুল্লাহপুর থেকে মগবাজার যাওয়ার জন্য তিনি প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি উত্তরা আজমপুর এলাকায় পৌঁছালে মাস্ক পরা এক ব্যক্তি তাঁর পাশে এসে বসেন। এরপরই রিদয়ন সচেতনতা ও স্মৃতি হারিয়ে ফেলেন। রাত সাড়ে ৯টার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রিদয়নের বড় ভাই শাহরিয়ার আনসারী জানান, অপহরণকারীরা তাঁর ভাইকে একটি অন্ধকার ঘরে আটকে রেখেছিল। সারা দিনে মাত্র একবার খাবার দেওয়া হতো। তাঁর হাত ও চোখ সব সময় বাঁধা থাকত। গতকাল সোমবার রাতে চোখ বাঁধা অবস্থায় তাঁকে মির্জাপুর এলাকায় ফেলে রেখে যায় অপহরণকারীরা। পরদিন সকালে একটি ট্রাকে চড়ে নবীনগরের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছে অপর এক ব্যক্তির মোবাইল ফোন থেকে মায়ের সঙ্গে যোগাযোগ করেন রিদয়ন। পরে পরিবারের সদস্যরা তাঁকে সেখান থেকে উদ্ধার করে ঢাকার বাসায় নিয়ে যান।

