‘ইশ্ প্রধানমন্ত্রী যদি প্রতি মাসে একবার খুলনায় আসতেন’


খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, ‘কুদির বটতলা থেকে শুরু করে রূপসা বাইপাস হয়ে জেলা স্টেডিয়ামমুখী পুরো পথজুড়ে খুলনাবাসীর যে পুষ্পবৃষ্টি ও অভিনন্দনের জোয়ার বইবে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, নগরের প্রবেশ দ্বার থেকে শুরু করে খুলনা জেলা স্টেডিয়াম পর্যন্ত রাস্তার দুপাশে নেতা-কর্মীরা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন-এমন নির্দেশনাই দেওয়া হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘শহরকে সাজাতে খুলনা সিটি করপোরেশন সর্বাত্মক চেষ্টা করেছে। খুলনার প্রবেশদ্বার জিরো পয়েন্ট থেকে শুরু করে গোটা শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার আওতায় আনা হয়েছে। সিটি করপোরেশনের পাশাপাশি বিএনপির নেতা-কর্মীরাও পরিচ্ছন্নতায় অংশ নিয়েছেন।’
এদিকে প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্কে জানা যায়, ওই দিন খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে দেশের প্রায় ১৬ লাখ ২৩ হাজার শিশু-কিশোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন (প্রথম আসরে এই সংখ্যা ছিল ১ লাখ ৬৮ হাজার)। নিবন্ধিত প্রতিযোগীদের মধ্য থেকে ৪,৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ এই বিশাল ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন।
খুলনা ও মোংলায় যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার বাগেরহাট ও খুলনা জেলায় দিনব্যাপী সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রী। তিনি এ দুই জেলায় একাধিক উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
সকাল ১০টায় মোংলা বন্দরে পৌঁছানোর পর সেখানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান এবং শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২টি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

