বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

টাকার বিনিময়ে ককটেল ফাটিয়ে হামলা, বিএনপি নেতাসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ এএম
টাকার বিনিময়ে ককটেল ফাটিয়ে হামলা, বিএনপি নেতাসহ আহত ৩

লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল ফাটিয়ে বিএনপি নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত করায় সুজন নামের এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি এক লাখ টাকার বিনিময়ে হামলা করতে এসেছেন বলে স্বীকার করেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাতের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজনের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বিকট শব্দে ককটেল বিস্ফোরণের পর বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় লোকজন সুজন নামের এক ব্যক্তিকে আটক করে মারধর করেন। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত বিএনপি নেতা এবাদুল্লাহ গাজীসহ তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের মধ্যে জাহিদ নামের একজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি এক লাখ টাকার বিনিময়ে হামলা করতে এসেছেন বলে স্বীকার করেন। তার এমন বক্তব্যের ভিডিও স্থানীয় কয়েকজনের মুঠোফোনে ধারণ করা হয়েছে। তবে কারা তাকে ওই টাকা দিয়ে পাঠিয়েছেন, হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, রাত সাড়ে ৮টার দিকে খাসেরহাট বাজারে দুই-তিনজনকে ছুরিকাঘাত এবং একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের পর উত্তেজিত জনতা একজনকে আটক করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তির নাম সুজন। তার বাড়ি ভোলা জেলায়।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত অন্য কারও বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...