লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা বিএসএফের, লাঠি হাতে স্থানীয়রা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসীর কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙের বাড়ি এলাকার ৮৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ২ এস সাব-পিলারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা সার্চলাইটের আলো নিভিয়ে অন্ধকারে বাংলাদেশে লোকজনকে পুশইন করার পাঁয়তারা চালায়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন সজাগ হয়ে ওঠেন। তারা অন্যদের খবর দিয়ে সীমান্তে জড়ো হন। পরে সীমান্তের কাছাকাছি বিএসএফের টর্চলাইট জ্বালানোর চেষ্টা চালাতে এবং কয়েকজনকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। বাংলাদেশিদের চিৎকারের কিছুক্ষণ পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাদের লাইট জ্বালিয়ে দেয়।
সীমান্তের বাসিন্দা নুরুল ইসলাম জানান, রাত ৮টার দিকে হঠাৎ লাইট বন্ধ করে দিলে তারা চিৎকার করেন। এরপর বিজিবি সদস্যদের সঙ্গে সীমান্তে লাঠি হাতে পাহারা দেন তারা।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক বিজিবি সদস্য জানান, সীমান্ত সুরক্ষায় ধবলসুতী বিওপির বিশেষ টহলদল অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে। বিএসএফের যেকোনো ধরনের অবৈধ অপচেষ্টা ও আগ্রাসী মনোভাব রুখে দিতে বিজিবি এবং স্থানীয় জনতা সম্পূর্ণ প্রস্তুত ও কঠোর অবস্থানে রয়েছে।

