টেন্ডারে অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে মিথ্যা অভিযোগ তুলেছেন স্বাস্থ্য কর্মকর্তা: যুবদল নেতা পিন্টু

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে পাবনার সুজানগর পৌর সুপার মার্কেটে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রানীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদও জানান তিনি।
সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান পিন্টু অভিযোগ করেন, সম্প্রতি সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর খাতের ছয়টি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়। ডা. সুপ্রভা রানী দরপত্রে এমন শর্ত জুড়িয়ে দেন যে সুজানগর ও পাবনার উপযুক্ত লাইসেন্সধারী ঠিকাদারেরাও দরপত্র জমা দিতে পারেননি। এমনকি টেন্ডার যাচাই-বাছাই কমিটিও নিজের মতো করে গঠন করেন, নিয়ম থাকলেও কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে রাখা হয়নি। দরপত্র জমাদানকারীরা সুপ্রভা রানীর পরিচিত এবং তাঁর স্বামীর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

