ছাত্র জমিয়তের ৫৬ দিনের কর্মসূচি ঘোষণা

দেশব্যাপী প্রচার ও সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে ৫৬ দিনব্যাপী দাওয়াতি ও সদস্য সংগ্রহ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। আজ শুক্রবার শুরু হয়ে এ অভিযান চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চতুর্থ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাআদ বিন জাকিরের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।
রিদওয়ান মাযহারী বলেন, ছাত্রসমাজের মধ্যে নৈতিকতা, আদর্শিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে ছাত্র জমিয়ত কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রম দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এ দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি এ কর্মসূচি সফল করতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব পর্যায়ের দায়িত্বশীলদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।
সাআদ বিন জাকির বলেন, সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের বিকল্প নেই। এ অভিযানের মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে পরিকল্পিতভাবে কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

