ক্রিকেটার মেহেরবের খোয়া যাওয়া ৩ লাখ টাকাসহ উদ্ধার মালামাল বিসিবিকে হস্তান্তর

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চলাকালে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের খোয়া যাওয়া মালামালের মধ্যে বাকি থাকা নগদ অর্থও উদ্ধার করেছে পুলিশ। অলরাউন্ডার এস এম মেহেরব হাসানের খোয়া যাওয়া নগদ তিন লাখ টাকাসহ উদ্ধার হওয়া অন্যান্য সামগ্রী আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধির কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মালামাল বুঝিয়ে দেন জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ। রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হস্তান্তরিত সামগ্রীর তালিকায় রয়েছে নগদ ৩ লাখ ৮ হাজার টাকা, একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, তিনটি ট্রাভেল লাগেজ, একটি স্কুলব্যাগ, একটি ম্যাসাজ বেড ও চারটি প্লাস্টিক বক্স। চুরির ঘটনার পর অন্যান্য মালামাল দ্রুত উদ্ধার করা গেলেও মেহেরবের নগদ টাকা উদ্ধারে কিছুটা সময় লাগে।
এর আগে গত ১৪ অক্টোবর ঢাকায় জাতীয় ক্রিকেট লিগের খেলা শেষে বিমানে করে রাজশাহীতে ফেরেন দলের ক্রিকেটাররা। তবে তাদের ৫৪টি লাগেজ পাঠানো হয়েছিল একটি কাভার্ড ভ্যানে। সড়কপথে আসার সময় গাড়িটি থেকে আটটি লাগেজ চুরি হয়ে যায়। পরে রাজশাহীতে গাড়ি থেকে মালামাল নামানোর সময় বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে।

