রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ইন্টারকে হারিয়ে টানা চতুর্থ মিলান ডার্বি জিতল এসি মিলান

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ এএম
ইন্টারকে হারিয়ে টানা চতুর্থ মিলান ডার্বি জিতল এসি মিলান

মিলান ডার্বিতে আবারও এসি মিলানের দাপট। নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের অপরাজিত যাত্রা থামিয়ে দিয়েছে রুবেন আমোরিমের দল। ম্যাচের প্রথম ১০ মিনিটেই দুই গোল করে এগিয়ে যায় রসোনেরিরা। এরপর ইন্টার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও দিয়েগো মোরেইরার দুর্দান্ত পারফরম্যান্সে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান।

শনিবার (৩১ অক্টোবর) রাতে সান সিরোতে সিরি আ-র দশম রাউন্ডে মুখোমুখি হয় দুই নগর প্রতিদ্বন্দ্বী। এসি মিলানের হয়ে গোল করেন ক্রিস্টিয়ান পুলিসিচ, আদ্রিয়েন রাবিও ও মোরেইরা। ইন্টারের একমাত্র গোলটি করেন আলেসান্দ্রো বাস্তোনি। চারটি গোলই হয়েছে প্রথমার্ধে।

এই ম্যাচের আগে লিগে অপরাজিত ছিল ক্রিস্তিয়ান কিভুর ইন্টার। অন্যদিকে আগের ম্যাচে বোলোনিয়ার কাছে ৪-২ গোলে হেরে চাপে ছিল এসি মিলান। তবে ডার্বিতে সেই হারের প্রভাব পড়তে দেননি আমোরিমের শিষ্যরা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখেন তারা।

ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই এসি মিলানকে এগিয়ে দেন পুলিসিচ। ডান প্রান্ত দিয়ে উঠে গিয়ে বক্সে নিখুঁত ক্রস বাড়ান মোরেইরা। ছয় গজ বক্সের ভেতর থেকে হেডে বল জালে পাঠান মার্কিন ফরোয়ার্ড।

প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয়বার ইন্টারের জালে বল পাঠায় স্বাগতিকরা। দশম মিনিটে মোরেইরার নেওয়া কর্নার থেকে বল পান রাবিও। ফরাসি মিডফিল্ডারের বাঁ পায়ে আলতো করে উঁচু করা বল দূরের পোস্টে লেগে জালে ঢুকে যায়। মাত্র ১০ মিনিটেই দুই গোলে পিছিয়ে পড়ে ইন্টার।

দ্রুত দুই গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা শুরু করে কিভুর দল। ১৩তম মিনিটে ইয়ান বিসেকের প্রচেষ্টা ঠেকিয়ে দেন এসি মিলানের গোলরক্ষক মাইক মেনিয়ঁ। তবে ২২তম মিনিটে ব্যবধান কমাতে সক্ষম হয় ইন্টার। হাকান চালহানোগ্লুর কর্নার থেকে বল মাথা দিয়ে বাড়িয়ে দেন মানুয়েল আকাঞ্জি। কাছ থেকে হেডে গোল করেন বাস্তোনি।

এক গোল শোধ দেওয়ার পর আক্রমণের চাপ আরও বাড়ায় ইন্টার। ২৪তম মিনিটে চালহানোগ্লুর শট ঠেকিয়ে দেন মেনিয়ঁ। ৩৩তম মিনিটে জেড স্পেন্সের কাছ থেকে আসা বিপজ্জনক প্রচেষ্টাও দুর্দান্ত দক্ষতায় রুখে দেন ফরাসি গোলরক্ষক।

এরপর ৪৩তম মিনিটে আবারও আলোচনার কেন্দ্রে চলে আসেন মোরেইরা। বক্সের বাইরে ফ্রি-কিক পায় এসি মিলান। প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের নিখুঁত শটে রক্ষণপ্রাচীরের ওপর দিয়ে বল জালে জড়ান ২২ বছর বয়সী এই বেলজিয়ান। তাতে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও ব্যবধান কমাতে আক্রমণ চালিয়ে যায় ইন্টার। ৫৫তম মিনিটে চালহানোগ্লুর বাড়ানো বলে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি কার্লোস আগুস্তো। ৭০তম মিনিটে গোলমুখের জটলা থেকে মার্কুস থুরামের প্রচেষ্টা ঠেকিয়ে দেন মেনিয়ঁ।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...