তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দিশার পরিচয়

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার কথিত বান্ধবী জেরিকা তাসনীম দিশাকে (১৯) গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। গ্রেপ্তারের পর রোববার (১ নভেম্বর) তাকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ওই রিমান্ড আবেদনে দিশার পরিচয় পাওয়া গেছে।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন স্বাক্ষরিত আবেদনের তথ্য অনুযায়ী, জেরিকা তাসনীম দিশার বাসা কাফরুল থানাধীন ইব্রাহিমপুরের মমিন সরনীতে।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) মিরপুর-১৪ নম্বর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্রমতে, গণমাধ্যমে নাম প্রকাশ হওয়ার পর থেকে দিশা আত্মগোপনে ছিলেন। মরদেহ উদ্ধারের আগে দিশা তাহসিফ সৌরির বাসার ঠিক উল্টো পাশে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ঘটনার পর থেকেই দিশা রাজধানীর বিভিন্ন এলাকায় ছোটাছুটি করেন। শনিবার রাতে তার খালার বাসায় এসে একজনকে জানান, নিরাপদে আছেন। পরে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে তার সন্ধান পায় এবং রাতে তাকে গ্রেপ্তার করে।
এর আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে পৌঁছান তাহসিফ, দীপ ও দিশা। তারা একটি মোটরসাইকেলে সেখানে যান। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে করে পৌঁছান দীপ। পরে তিনজনকে একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায় ক্যামেরায়।

