দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম ৬ টেস্টে ৩ জয়ের বিপরীতে ১ ড্রয়ে দারুণ উজ্জীবিত দল হঠাৎ পথ হারিয়েছে। আবুধাবিতে আফগানিস্তানের সঙ্গে হার সমতুল্য ড্রয়ের পর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের সামনে পাত্তাই পায়নি বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই হতাশার গল্প লিখে সাড়ে তিন দিনেই হেরেছে স্বাগতিকেরা।
মিরপুর টেস্টে স্পিন-সহায়ক উইকেট বানিয়ে নিজেদের বিপদ ডেকে এনেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে উইকেটশূন্য ছিলেন স্পিনাররা। অথচ জোমেল ওয়ারিক্যান, রোস্টন চেজদের সামনে রীতিমতো অসহায় ছিলেন ব্যাটাররা। ২৭২ ও ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ। ২০ উইকেটের ১৬টিই নেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা। ওয়েস্ট ইন্ডিজের দূর্বলতা বিবেচনা করে উইকেট বানিয়ে সেই ফাঁদেই পড়েছেন শান্তরা। সঙ্গে ক্যাচ মিসের মহড়া তো ছিলই। ধবলধোলাই এড়ানোর পাশাপাশি তাই সিলেট টেস্টকে বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মঞ্চ হিসেবেও দেখা হচ্ছে।
বাংলাদেশের একাদশ:তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।

