জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দেশের গণপরিবহনের ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার পাশাপাশি রাজধানী ও অন্যান্য মহানগর এলাকায় চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ভাড়া বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাস এবং মহানগর এলাকায় চলাচলকারী বাস ও মিনিবাস—উভয় ক্ষেত্রেই আগের ভাড়ার সঙ্গে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা যোগ হবে।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে চার ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। নতুন দরে প্রতিটি জ্বালানির মূল্য লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। কেরোসিনের দাম ১৩৫ টাকা থেকে হয়েছে ১৫৫ টাকা। একইভাবে অকটেনের দাম ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা এবং পেট্রোলের দাম ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন খাতে পড়ায় বাস ভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে নতুন ভাড়া কার্যকর হলে দূরপাল্লার পাশাপাশি মহানগরীর গণপরিবহন ব্যবহারকারী যাত্রীদেরও অতিরিক্ত ভাড়া গুনতে হবে।


