লোগো
Advertisement

নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর

নিজস্ব প্রতিবেদক ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ এএম
Advertisement

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করেন দুই নেতা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের স্থানীয় সময় জাতিসংঘ সদরদপ্তরের কাছে ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। দুই দেশের পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও মতবিনিময় করেন তারা।
আলোচনায় অর্থনৈতিক সম্পর্ক জোরদার, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন দুই শীর্ষ নেতা।
বৈঠকের শেষে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান।

আরও সংবাদ লোড হচ্ছে...