লোগো
Advertisement

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব: লঞ্চের ভাড়াও বাড়ল

নিজস্ব প্রতিবেদক ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
Advertisement

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসের পাশাপাশি যাত্রীবাহী লঞ্চের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লঞ্চে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ২০ পয়সা বাড়ানো হয়েছে।
বুধবার লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম রবি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত লঞ্চের যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা করা হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭২ পয়সা হয়েছে।
তবে রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ভাড়া না বাড়িয়েই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একইভাবে লোকসান হলেও জনস্বার্থ বিবেচনায় ফেরির ভাড়াও না বাড়ানোর চেষ্টা চলছে।
এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়। এতে দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। নতুন হারে মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার থেকে বাসের নতুন ভাড়া কার্যকর হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর পরিবহন খাতে ব্যয়ের চাপ আরও বেড়েছে। এর আগে চার ধরনের জ্বালানি তেলের দাম একসঙ্গে প্রতি লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়।
নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও সংবাদ লোড হচ্ছে...