লোগো
Advertisement

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৫ টাকা

নিজস্ব প্রতিবেদক ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম
Advertisement

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে সর্বোচ্চ ২০৪ টাকায়। আগে এর দাম ছিল ১৯৯ টাকা। অর্থাৎ প্রতি লিটারে দাম বেড়েছে ৫ টাকা।

তবে খোলা সয়াবিন তেল ও পাম তেলের বর্তমান দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি পরিবহনসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে আমদানিকারকরা দাম সমন্বয়ের আবেদন করেছিলেন। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সরকার সীমিত পরিসরে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বাণিজ্য সচিব বলেন, ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন তেলের দাম আরও বেশি বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) পক্ষ থেকে প্রতি লিটারে ১০ টাকা বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। তবে ভোক্তাদের স্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে। বাজারে তেলের কোনো সংকট নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছে।

রমজানের আগে ভোজ্যতেলের দাম আবার বাড়তে পারে কি না—এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, সে সময়ের আন্তর্জাতিক বাজার, আমদানি ব্যয় এবং দেশের সরবরাহ পরিস্থিতির ওপর ভবিষ্যৎ সিদ্ধান্ত নির্ভর করবে।

সম্প্রতি বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি বোতলজাত সয়াবিন তেলের নতুন মূল্য মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে কি না—এ বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত সরকার মূল্যস্ফীতিতে নতুন কোনো বড় ধরনের প্রভাব দেখছে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সীমিত পরিসরে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হলেও খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখায় সাধারণ ভোক্তাদের ওপর তুলনামূলক কম চাপ পড়বে।

আরও সংবাদ লোড হচ্ছে...