নাটোরের সদর উপজেলায় আনারুল ইসলাম (নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চাঁদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার দাশমারিয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুর বাজারে হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে দুর্বৃত্তরা আনারুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় তার দোকানের মেঝেতে পড়ে থাকতে দেখেন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, নিহতের বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


