পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে রকিবুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শামসুল আলম (৫৪) নামে আরও একজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদার চরে এ ঘটনা ঘটে।
নিহত রকিবুল ইসলাম লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের মৃত মারজেন হোসেনের ছেলে। দগ্ধ শামসুল আলম বিলকেদার গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রকিবুল ও শামসুল বিলকেদার চরের কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুজনই দগ্ধ হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। দগ্ধ শামসুল আলম বর্তমানে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত করা হয়েছে।


