দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণও। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির প্রবণতার পাশাপাশি দেশের সর্বত্র দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় আছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।


