লোগো
Advertisement

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ এএম
Advertisement

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।

এর আগে প্রধানমন্ত্রীর ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করা হয়েছিল। ওই সফরে নিউইয়র্কের পাশাপাশি সান ফ্রান্সিসকো যাওয়ারও কর্মসূচি ছিল। পরে সফরসূচিতে পরিবর্তন এনে তা সংক্ষিপ্ত করা হয়।

নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। উন্নয়ন, মহামারি মোকাবিলা, জলবায়ু ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পরমাণু নিরস্ত্রীকরণসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু এসব আলোচনায় গুরুত্ব পেতে পারে।

এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

সরকারপ্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে এটি হবে তারেক রহমানের প্রথম ভাষণ। তাঁর সফরকে ঘিরে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য ও বিভিন্ন বৈঠকের প্রস্তুতি শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও সংবাদ লোড হচ্ছে...