রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও নিয়ে তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
তিনি জানান, ভাইরাল হওয়া অডিওটির বিষয়ে তদন্তে ডিএমপির পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডিবির একজন কর্মকর্তা এবং ডিএমপি সদর দপ্তরের দুজন সদস্য রয়েছেন। ওই কমিটির নির্দেশেই রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটির সঙ্গে রাকিবুল হাসানের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়টিই জিজ্ঞাসাবাদে খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে রাকিবুল হাসানের নামে প্রচারিত একটি কথোপকথন সামনে আসে। সেখানে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে এলে পুলিশ কিছুই করতে পারবে না—এমন বক্তব্যও শোনা যায় ওই অডিওতে।
তবে অডিওটির সত্যতা ও এতে থাকা কথোপকথনের সঙ্গে রাকিবুল হাসানের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি।


