লোগো
Advertisement

বাউফলে মেয়র প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, ককটেল বিস্ফোরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পিএম
Advertisement

পটুয়াখালীর বাউফলে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাবেক সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন খান বাউফলে আসার উপলক্ষে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে একটি জনসমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে রিয়াজ হোসেন খানের প্রার্থিতা ঘোষণা করা হয়।

সমাবেশ শেষে তার নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যা ৬টার দিকে ওই শোভাযাত্রায় অংশ নেওয়ার অভিযোগে কার্তিক ও রুবেল নামে দুই ব্যক্তিকে মারধর করা হয়। হামলাকারীদের অভিযোগ ছিল, তারা নিষিদ্ধ সংগঠন যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে রিয়াজ হোসেন খানের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন।

এর কয়েক ঘণ্টা পর রাত ৯টার দিকে পৌর শহরের প্রাণকেন্দ্র পাবলিক মাঠসহ অন্তত চারটি স্থানে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এসব বিস্ফোরণ ককটেলের মাধ্যমে ঘটানো হয়েছে।

বিস্ফোরণের শব্দে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো দ্রুত বন্ধ হয়ে যায়। আতঙ্কিত হয়ে অনেক পথচারীকে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়।

তবে বিস্ফোরণের শব্দ ককটেলের ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। তবে এগুলো ককটেল নাকি অন্য কোনো পটকা বা আতশবাজির শব্দ, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মারধরের ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বর্তমানে পৌর শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও সংবাদ লোড হচ্ছে...