লোগো
Advertisement

মৃত্যুর প্রায় দুই বছর পর বিস্ফোরক মামলায় আসামি যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ এএম
Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা শাখার সাবেক সহসভাপতি শামীম মাহবুবকে বিস্ফোরক আইনের একটি মামলায় আসামি করা হয়েছে। মামলায় মৃত ব্যক্তির নাম থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে।

শামীম মাহবুব উপজেলার তারাব পৌরসভার রূপসীবাগ এলাকার হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে। পরিবারের সদস্যদের দাবি, তিনি ২০২৪ সালের ১৫ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। অথচ গত ১৮ সেপ্টেম্বরের একটি ঘটনায় করা মামলায় তাকে ৬০ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বাদী হয়ে মামলাটি করেন। এতে ৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ থানার গুতিয়াব এলাকার ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের হইয়া ব্রিজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে ককটেল বিস্ফোরণসহ রাষ্ট্রবিরোধী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেন। এ ঘটনায় রায়হান, মোবারক হোসেন ও সিয়াম আহমেদসহ ৬৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলাটির পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

তবে মামলায় শামীম মাহবুবের নাম আসার পর বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, মামলার কথিত ঘটনার প্রায় দুই বছর আগেই তিনি মারা গেছেন। ফলে কীভাবে তার নাম মামলার আসামির তালিকায় এসেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যেও আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী এসআই হারুনুর রশিদ বলেন, কম্পিউটারে টাইপ করার সময় ভুল হওয়ায় শামীম মাহবুবের নাম মামলায় চলে এসেছে। পরে বিষয়টি সংশোধন করা হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পুলিশ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলা নিয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করার পর এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।

মৃত ব্যক্তিকে আসামি করার বিষয়টি নিয়ে এরই মধ্যে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হলেও পুলিশ বলছে, মামলার তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ লোড হচ্ছে...