পবিত্র হজ পালন আরও সহজ ও নির্বিঘ্ন করতে ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
নতুন এ কার্ডের মাধ্যমে সৌদি আরবে মাস্টারকার্ড লোগোযুক্ত এটিএম বুথ থেকে সৌদি রিয়াল উত্তোলনের পাশাপাশি বিভিন্ন পয়েন্ট অব সেল (পস) মেশিনে কেনাকাটা ও পেমেন্ট করতে পারবেন হজযাত্রীরা।
কার্ডধারীদের জন্য বিমানবন্দরের বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধাও রাখা হয়েছে। বছরে সর্বোচ্চ চারবার বিনা মূল্যে এই লাউঞ্জ ব্যবহার করা যাবে।
এ ছাড়া প্রতিটি হজযাত্রীর কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করার সুযোগ থাকছে।
ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবে হজ পালনের সময় নগদ অর্থ বহনের ঝুঁকি কমানোর পাশাপাশি প্রয়োজনীয় লেনদেন সহজ করতেই এ কার্ড চালু করা হয়েছে।


