শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ১৫৫ কোটি রুপি আয় ‘রামায়ণ’-এর

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম
মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ১৫৫ কোটি রুপি আয় ‘রামায়ণ’-এর

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড়সড় সাফল্যের মুখ দেখল নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। রণবীর কাপুর ও যশ অভিনীত ছবিটি বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্বব্যাপী ১৫৫ কোটি রুপি আয় করেছে বলে দাবি করেছেন নির্মাতারা। অন্যদিকে, শুধু ভারতের বাজারেই সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি (নিট)। মুক্তির পর প্রথম দিনেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই পৌরাণিক কাহিনিনির্ভর সিনেমা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিন দেশটির ২৫ হাজার ২০০টি প্রদর্শনী থেকে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে ‘রামায়ণ’। কর বাদ দেওয়ার আগে ভারতের বাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৭ কোটি ৫০ লাখ রুপি। পাঁচটি ভাষায় মুক্তি পাওয়া ছবিটির মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে হিন্দি সংস্করণ থেকে।

প্রথম দিন ২০ হাজার ৬৭৮টি প্রদর্শনী থেকে হিন্দি সংস্করণের আয় ৪৭ কোটি ৫০ লাখ রুপি। এ ছাড়া কন্নড় সংস্করণ থেকে ৭ কোটি ২৫ লাখ, তেলুগু সংস্করণ থেকে ৬ কোটি, তামিল সংস্করণ থেকে ২ কোটি ৬০ লাখ এবং মালয়ালম সংস্করণ থেকে ১ কোটি ৫০ লাখ রুপি আয় হয়েছে।

দর্শক উপস্থিতির হিসাবেও এগিয়ে ছিল সিনেমাটির ত্রিমাত্রিক সংস্করণ। প্রথম দিন হিন্দি সংস্করণের ত্রিমাত্রিক প্রদর্শনীতে দর্শক উপস্থিতির হার ছিল ৩৩ দশমিক ৯৬ শতাংশ। দ্বিমাত্রিক সংস্করণে এই হার ছিল ২৭ দশমিক ৭৯ শতাংশ। বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় দর্শক উপস্থিতি কিছুটা কম ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে দীপাবলির ছুটি শুরু হওয়ায় পরবর্তী দিনগুলোতে সিনেমাটির আয় আরও বাড়তে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রথম দিনের আয়ের হিসাবে বলিউডের বেশ কয়েকটি আলোচিত সিনেমাকে পেছনে ফেলেছে ‘রামায়ণ’। শাহরুখ খানের ‘পাঠান’ প্রথম দিনে ভারতে ৫৭ কোটি এবং রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ ৬৩ কোটি রুপি আয় করেছিল। সেই হিসাবে দুটি সিনেমার উদ্বোধনী আয় ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’। তবে শাহরুখের ‘জওয়ান’-এর ৭৫ কোটি এবং রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’-এর ১০২ কোটি রুপির উদ্বোধনী আয় এখনো অতিক্রম করতে পারেনি ছবিটি।

বিশ্বব্যাপী আয়ের বিষয়ে অবশ্য বিভিন্ন বাণিজ্যিক সূত্রে ভিন্ন ভিন্ন হিসাব পাওয়া যাচ্ছে। নির্মাতাদের দাবি, প্রথম দিনেই আন্তর্জাতিক বাজারসহ মোট ১৫৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। তবে বাণিজ্যিক হিসাব সংস্থা বলিউড হাঙ্গামার হিসাবে বিশ্বব্যাপী প্রথম দিনের আয় ১২১ কোটি ৬২ লাখ রুপি। ফলে চূড়ান্ত আয়ের হিসাব নিয়ে এখনো কিছুটা পার্থক্য রয়েছে।

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ রাম চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা গেছে যশকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, অরুণ গোভিল, রবি দুবে, লারা দত্ত ও সানি দেওল।

নির্মাতাদের দাবি, বিশ্বের ১০০টি দেশের ৫০ হাজারের বেশি পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে সনি পিকচার্স। দুই পর্বে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। দুই পর্বের জন্য মোট বাজেট ধরা হয়েছে ৪ হাজার কোটি রুপি। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৮ সালে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে ও বলিউড হাঙ্গামা।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...