স্বাধীন তদন্ত কমিশনের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ, নেতানিয়াহুর প্রস্তাব নাকচ বিরোধীদের

হামাসের ৭ অক্টোবরের হামলা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার ঘটনা তদন্তে ইসরায়েলে স্বাধীন কমিশন গঠনের দাবি জোরালো হচ্ছে। এ দাবিতে নাগরিক সমাজ ও বিরোধী দলগুলোর দীর্ঘদিনের আন্দোলনের অংশ হিসেবে শনিবার ফের রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। তবে এই সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।
বিক্ষোভ চলাকালে সরকার সমর্থকেরা কোনো ধরনের উসকানি বা গোলযোগ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে নাগরিক প্ল্যাটফর্ম 'অক্টোবর কাউন্সিল'। সংগঠনটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বিষয়টি জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় অক্টোবর কাউন্সিল জানায়, ‘আজ রাতের সমাবেশে বিঘ্ন ঘটানোর জন্য ক্ষমতাসীন জোটের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের তৎপরতার খবর পাওয়ার পর আমরা পুলিশ কমিশনারের কাছে জরুরি চিঠি পাঠিয়েছি।’
ইসরায়েলে অতীতে বড় ধরনের রাষ্ট্রীয় ব্যর্থতা খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত কমিশন গঠনের নজির রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে ৭ অক্টোবরের ঘটনার জন্যও নাগরিক সমাজ ও বিরোধীরা একই ধরনের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছে। কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকার এই দাবি মানতে নারাজ।
স্বাধীন কমিশনের পরিবর্তে সরকারের পক্ষ থেকে একটি ‘রাজনৈতিক’ তদন্ত কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এতে বলা হয়, কমিশনের অর্ধেক সদস্য মনোনীত করবে ক্ষমতাসীন জোট এবং বাকি অর্ধেক সদস্য ঠিক করবেন বিরোধী দলের আইনপ্রণেতারা। তবে সরকারপ্রধানের এমন উদ্যোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন বিরোধী দলের শীর্ষ নেতারা। তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, রাজনীতিকদের দ্বারা গঠিত এমন কোনো তদন্ত প্রক্রিয়ায় তাঁরা কোনোভাবেই সম্পৃক্ত হবেন না।

