কনসার্ট থেকে বাদ পড়েও ফিলিস্তিনের পক্ষে লড়ার অঙ্গীকার জনপ্রিয় মার্কিন র্যাপারের

গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে কথা বলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী মার্কিন র্যাপার ম্যাকলমোর। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট ট্যুরের উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার ভক্তদের সামনে এ অঙ্গীকার করেন তিনি।
ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া এবং ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করায় সংগীতশিল্পী মহলে বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়েছেন ম্যাকলমোর। তবে এসব চাপ উপেক্ষা করেই ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
গত মাসে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার পাশাপাশি গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন এই র্যাপার। এরপর ব্রিটিশ গায়ক এড শিরানের কনসার্ট ট্যুরে উদ্বোধনী শিল্পী হিসেবে তার নাম বাদ দেওয়া হয়।
সাম্প্রতিক এই বিতর্ক আরও জোরালো হয়, যখন ধনকুবের রবার্ট ক্রাফট নিশ্চিত করেন, ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে ম্যাকলমোরকে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান মেসিনা ট্যুরিং গ্রুপ জানায়, ম্যাকলমোরকে শিল্পী তালিকায় রেখে আয়োজন করা কনসার্টের জন্য কয়েকটি ভেন্যু কর্তৃপক্ষ রাজি হয়নি।

