মোদি ও আদানিকে নিয়ে তথ্যচিত্র সরানোর নির্দেশ ভারতীয় আদালতের

তথ্যচিত্রটিতে আর্কাইভে সংরক্ষিত ভিডিও ব্যবহার করে মোদি ও আদানির সম্পর্কের ইতিহাস তুলে ধরা হয়েছে। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট থেকে শুরু হয়েছে এর বর্ণনা। রাজ্যটি দুজনেরই জন্মস্থান। এতে ২০১৯ সালে আদানিগোষ্ঠীর ছয়টি বিমানবন্দর পরিচালনার দায়িত্ব পাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সমালোচকদের অভিযোগ, সে সময় সরকারি বিধিতে পরিবর্তন এনে আদানিগোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছিল। তবে সরকার বলেছে, সব বিধিবিধান মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কোনো পক্ষপাত করা হয়নি।
ভাটিয়া এক্সে লিখেছেন, মামলায় তাঁর কাছে ৫০ কোটি রুপি (প্রায় ৫২ লাখ ৫০ হাজার ডলার) ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। তাঁর ভাষ্য, ‘সত্য আমার পক্ষে।’ তিনি আরও দাবি করেন, তথ্যচিত্রটি আদানি এন্টারপ্রাইজেস এবং ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে অস্বস্তি তৈরি করেছে।
এর আগে গত ১৯ অক্টোবর মহারাষ্ট্রের পুলিশ ভাটিয়াকে তথ্যচিত্রটি সরানোর নোটিশ দেয়। আদালতে মামলার পরবর্তী শুনানি জানুয়ারিতে হতে পারে।

