ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের তারাকান্দায় মাদক কারবারিদের গ্রেপ্তার ও এলাকাকে মাদকমুক্ত করার দাবিতে ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে এই সড়কে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করা হয়। এতে তিন শতাধিক স্থানীয় লোকজন অংশ নেন। পরে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এবং পুলিশ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।
স্থানীয়রা জানান, তারাকান্দা শহর ও এর আশপাশের গ্রামগুলোতে মাদকের কেনাবেচা আশঙ্কাজনক হারে বাড়ছে। সন্ধ্যা নামলেই এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা বাড়ে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কিশোর ও যুবকরা মাদকে আসক্ত হয়ে পড়ছে এবং তাদের পরিবারগুলো গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। পুলিশ কার্যকরভাবে মাদক কারবারিদের ধরতে না পারায় বাধ্য হয়ে স্থানীয়রা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।
তাদের দাবি, অবিলম্বে এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে হবে, প্রকৃত মাদক কারবারিদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে।

