শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ভারতের অন্ধ্রপ্রদেশে ‘রেড অ্যালার্ট’ জারি

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম
ভারতের অন্ধ্রপ্রদেশে ‘রেড অ্যালার্ট’ জারি

ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে ‘রেড অ্যালার্ট’ জারি করছে দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি)। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি তীব্র ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে। ইতোমধ্যে রাজ্যের কয়েকটি এলাকায় দমকা হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি ও উঁচু ঢেউ দেখা দিয়েছে। জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে রাজ্য প্রশাসন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজ্যজুড়ে রেড অ্যালার্ট জারি করে আইএমডির পূর্বাভাসে বলা হয়, আগামীকাল বুধবার বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে।

সংস্থাটির সর্বশেষ বুলেটিনে বলা অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গত ছয় ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে। এদিন সময় দুপুর ৩টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র একই এলাকায় অবস্থান করছিল।

এ সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্র অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণে, মছিলিপত্তনম থেকে ২৩০ কিলোমিটার পূর্বে, বাপাতলা থেকে ৩০০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে ছিল।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ঘূর্ণিঝড়টি আগামী কয়েক ঘণ্টায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এবং পরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগমীকাল বুধবার বেলা সাড়ে ১১টার মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে এটি স্থলভাগ অতিক্রম করতে পারে।

এ সময় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আইএমডি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...