লন্ডন থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ

লন্ডন থেকে ছেড়ে আসা পোল্যান্ডগামী একটি যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর ১৮১ জন যাত্রী নিয়ে বিমানটি ওয়ারশর শোপেন আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে মডলিন বিমানবন্দরে অবতরণ করে। এদিকে নিরাপত্তার কারণে পোল্যান্ডের সবচেয়ে বড় ও ব্যস্ততম বিমানবন্দর শোপেন বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সম্ভাব্য বোমা হামলার সতর্কবার্তা পাওয়ার পর বিমানটির গতিপথ পরিবর্তন করা হয়। এ ঘটনায় জরুরি সেবা সংস্থার কর্মীরা বিমানবন্দরে ছুটে যান। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মডলিন বিমানবন্দরও।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমানটি সকাল ৬টা ৩০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ওয়ারশর শোপেন বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। তবে ‘বিমানে বিস্ফোরক ডিভাইস থাকার তথ্যের কারণে’ সকাল ৯টা ৫৪ মিনিটে ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে মডলিন বিমানবন্দর কর্তৃপক্ষ।

