হরমুজে চলাচলে যেসব দেশের জাহাজকে অনুমতি দিল ইরান

হায়াত-মোগাদ্দাম জানান, ভারতীয় ও চীনা জাহাজ থেকে ইরান ট্রানজিট ফি আদায় করে। তবে কাতারের জাহাজগুলোকে কোনো মাশুল ছাড়াই চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ইরাকি জাহাজের ক্ষেত্রে ট্রানজিট ফি নেওয়া হয় কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
ভারত তার অপরিশোধিত তেলের চাহিদার প্রায় ৯০ শতাংশ আমদানি করে। বর্তমানে দেশটির এই তেল আমদানির প্রায় ৩০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে আসে। অতীতে ভারতের অপরিশোধিত তেল আমদানির প্রায় ৭০ শতাংশই এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো।
তবে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরুর পর ভারত তেল আমদানির উৎসে বৈচিত্র্য এনেছে। রাশিয়া, যুক্তরাষ্ট্র, পশ্চিম আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা থেকে তেল কেনার ফলে হরমুজ প্রণালির ওপর দেশটির নির্ভরতা কমেছে।
তবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ক্ষেত্রে ভারতের নির্ভরতা এখনও অনেক বেশি। দেশটির এলপিজি আমদানির প্রায় ৯০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে আসে।
এ ছাড়া কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা এলএনজির অর্ধেকের বেশি এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ভারতের সার আমদানির ক্ষেত্রেও হরমুজ প্রণালি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ।

