বাংলাদেশ রেলওয়ের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনা এবং প্রয়োজনীয় আইনগত সেবা দিতে ২২ জন প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিনটি পৃথক ক্যাটাগরিতে এসব আইনজীবীকে প্যানেলভুক্ত করা হবে। প্রাথমিকভাবে প্যানেলভুক্তির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন বছর।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আপিল বিভাগের পূর্বাঞ্চলের জন্য দুইজন, হাইকোর্ট বিভাগের পশ্চিমাঞ্চলের জন্য আটজন এবং পূর্বাঞ্চলের জন্য ১২ জন আইনজীবী নেওয়া হবে।
আপিল বিভাগে দুইজন
আপিল বিভাগ, পূর্বাঞ্চল ক্যাটাগরিতে দুইজন প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীর হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনার অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্তি এবং সেখানে মামলা পরিচালনার অভিজ্ঞতাও প্রয়োজন হবে।
হাইকোর্ট বিভাগে ২০ জন
হাইকোর্ট বিভাগ, পশ্চিমাঞ্চল ক্যাটাগরিতে আটজন এবং পূর্বাঞ্চল ক্যাটাগরিতে ১২ জন—মোট ২০ জন প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হবে।
উভয় ক্যাটাগরির প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনার অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
তিনটি ক্যাটাগরিতেই প্যানেলভুক্তির প্রাথমিক মেয়াদ হবে তিন বছর।
যেভাবে হবে মূল্যায়ন
প্যানেল আইনজীবী বাছাইয়ের ক্ষেত্রে মোট ১০০ নম্বরের মূল্যায়ন করা হবে। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতার জন্য ২৫ নম্বর, আইনজীবী হিসেবে সাধারণ অভিজ্ঞতার জন্য ২০ নম্বর, সংশ্লিষ্ট ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিজ্ঞতার জন্য ৪৫ নম্বর এবং প্যানেল আইনজীবী হিসেবে অভিজ্ঞতার জন্য পাঁচ নম্বর রাখা হয়েছে।
সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ/ডিএ দেওয়া হবে না।
যেভাবে আবেদন করতে হবে
আগ্রহী আইনজীবীদের বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি জমা দেওয়া যাবে।
আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, বাংলাদেশ বার কাউন্সিলের সনদ, সংশ্লিষ্ট আদালতে মামলা পরিচালনার অভিজ্ঞতার প্রমাণপত্র এবং তিন কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
আবেদনের জন্য কোনো ফি নির্ধারণ করা হয়নি।
বয়সসীমা ও সময়সীমা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ অক্টোবর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬০ বছর হতে হবে। তবে অবসরপ্রাপ্ত জেলা জজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করার সুযোগ রয়েছে।
বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৬ সেপ্টেম্বর ২০২৬ এবং প্রকাশ করা হয়েছে ৯ সেপ্টেম্বর। একই দিন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত। ওই দিন বিকেল ২টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
আবেদনপত্র পাঠাতে হবে—
অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), বাংলাদেশ রেলওয়ে ও আহ্বায়ক, প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি, রেলভবন, কক্ষ নম্বর-৪০১, ঢাকা।
আগের আবেদনকারীদের জন্য নির্দেশনা
বাংলাদেশ রেলওয়ের ৫ মার্চ ২০২৫ তারিখের বিজ্ঞপ্তির ভিত্তিতে যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে কেউ চাইলে তাঁর অভিজ্ঞতাসংক্রান্ত তথ্য হালনাগাদ করার জন্য পুনরায় আবেদন করতে পারবেন।
এ ছাড়া একজন আবেদনকারী একাধিক প্যাকেজে প্যানেলভুক্তির জন্য পৃথকভাবে আবেদন করার সুযোগ পাবেন।


