জীবননগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: জামায়াত সেক্রেটারিসহ আহত ২

চুয়াডাঙ্গার জীবননগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাঁকা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমানসহ দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহত মাহফুজুর রহমান মিনাজপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহীর নাম তন্ময়, তিনি বাঁকা গ্রামের শাহিনের ছেলে। চিকিৎসকেরা জানিয়েছেন, সংঘর্ষে দুজনেরই বাঁ পা মারাত্মকভাবে জখম হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাহফুজুর রহমান মোটরসাইকেল চালিয়ে মিনাজপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা তন্ময়ের মোটরসাইকেলের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই আরোহীই সড়কে ছিটকে পড়ে রক্তাক্ত হন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান দলীয় নেতাকর্মীরা। জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েই তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। চিকিৎসকরা জানিয়েছেন মাহফুজুর রহমানের বাঁ পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী তাঁর পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীই গুরুতর চোট পেয়েছেন।

