আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, পাঠানো হলো আদালতে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে মোট ১১ গ্রাম গাঁজা এবং দুটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শীতল বিশ্বাসের নেতৃত্বে একটি দল বুধবার রাতে গোবিন্দপুর জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে। ওই সময় গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার মৃত শাহজাহান বিশ্বাসের ছেলে ঝন্টু বিশ্বাসকে (৪৫) আট গ্রাম গাঁজাসহ হাতেনাতে ধরে ফেলে পুলিশ।
এরপর পৌর এলাকার থানাপাড়ায় হেলাল চেয়ারম্যানের বাড়ির সামনে অভিযান চালানো হয়। সেখানে দুটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আনন্দধাম গ্রামের কালু কসাইয়ের ছেলে জীবন ওরফে ঝন্টুকে (৩০) আটক করে অভিযানকারী দল।
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের পশুহাট-সংলগ্ন পানহাটের টিনশেডের সামনে আরেকটি অভিযান পরিচালিত হয়। সেখান থেকে তিন গ্রাম গাঁজাসহ রাধিকাগঞ্জ পশুহাট এলাকার ইনামুল হকের ছেলে রোহান হককে (২০) গ্রেপ্তার করে পুলিশ।
আলমডাঙ্গা থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সামারি ট্রায়ালের প্রসিকিউশন দাখিল করে তাদের আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

