কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান: ঘুসসহ আটক ১, তিন ওমেদারকে সরানোর নির্দেশ

ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে ঘুসের নগদ টাকাসহ রাকিব হোসেন নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা গেছে, সেবাগ্রহীতাদের কাছ থেকে জমি রেজিস্ট্রির নামে ঘুস নেওয়ার তথ্য পেয়ে কার্যালয়টিতে নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে জমি দলিলের টিপসই নেওয়ার সময় চার হাজার ৩০০ টাকা ঘুসসহ রাকিব হোসেনকে ধরে ফেলেন দুদকের সদস্যরা। তবে অফিসে নিজের কাজের সপক্ষে কোনো ধরনের বৈধ নিয়োগপত্র দেখাতে পারেননি তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক রাকিবকে ২০০ টাকা জরিমানা করেন।
অভিযানের বিষয়ে দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সাব-রেজিস্ট্রি অফিসে হানা দেওয়া হয়। সেখান থেকে ঘুসের চার হাজার ৩০০ টাকাসহ রাকিবকে আটক করা হলেও তার কোনো নিয়োগসংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়নি।
তিনি আরও জানান, কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অবৈধভাবে ওমেদারের কাজ করা রাকিব, শাকিল ও অঞ্জলি নামের তিনজনকে অবিলম্বে অফিস থেকে বের করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

