লোগো
Advertisement

হাতিকাটা সড়ক পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

নিজস্ব প্রতিবেদক ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম
Advertisement

চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামে সড়ক পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের চাপায় ছকিনা খাতুন (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থলেই ফেলে রেখে চালক পালিয়ে যান।

নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধীকুন্ড গ্রামের মৃত ছলিম উদ্দিনের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি চার থেকে পাঁচ দিন আগে সদর উপজেলার হাতিকাটা গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার মেয়ে ফেরদৌসী খাতুন ওই গ্রামের বাসিন্দা মো. মানিকের স্ত্রী।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ছকিনা খাতুন হাতিকাটা এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি গাড়ির নিচে পড়ে যান। এতে শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় ওই নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও সংবাদ লোড হচ্ছে...