জুলাইয়ের চেতনা ধারণ করে না বলেই অনুষ্ঠানে আসেনি বিরোধী দল: প্রধানমন্ত্রী

জুলাই আন্দোলনের চেতনাকে অন্তরে ধারণ করতে না পারার কারণেই বিরোধী দল ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নেয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
জাতীয় স্বার্থের কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারপ্রধান বলেন, সব ইস্যুতে সবার দৃষ্টিভঙ্গি এক না-ও হতে পারে, কিন্তু দেশের মানুষের কল্যাণের প্রশ্নে দ্বিমত পোষণের কোনো সুযোগ নেই। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর জুলাই আন্দোলন—উভয়ের লক্ষ্য একই সূত্রে গাঁথা, আর তা হলো মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা।
গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম খোদাই করা রয়েছে। এই বীর শহীদদের রক্তের বিনিময়েই বাংলাদেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে এবং গঠিত হয়েছে গণতান্ত্রিক সরকার। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে আগামী পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছে জাতীয়তাবাদী দলের হাতে।
একই সঙ্গে চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এডিস মশা সরকারি দল কিংবা বিরোধী দল চেনে না। তাই জনস্বার্থের কথা বিবেচনা করে সবাইকে ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার তাগিদ দেন তিনি।

