লোগো
Advertisement

নেপালে বন্যায় বাংলাদেশের ১০ লাখ ডলার সহায়তা, কৃতজ্ঞতা জানালেন বালেন্দ্র শাহ

নিজস্ব প্রতিবেদক ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ এএম
Advertisement

নেপালে গত ২৬ আগস্টের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে বালেন্দ্র শাহ বাংলাদেশের এ সহায়তা ও সহমর্মিতার জন্য ধন্যবাদ জানান।

চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন, ২৬ আগস্ট নেপালে আঘাত হানা আকস্মিক বন্যায় প্রাণহানির পাশাপাশি বহু ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্যোগ নেপালের বিভিন্ন জনগোষ্ঠী ও সম্প্রদায়ের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।

দুর্যোগের পর চলমান ত্রাণ ও মানবিক কার্যক্রমে বাংলাদেশ যে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে, সেটিকে গুরুত্বপূর্ণ সহযোগিতা হিসেবে উল্লেখ করেন বালেন্দ্র শাহ। তিনি বলেন, বন্যার ক্ষতি কাটিয়ে উঠে ক্ষতিগ্রস্ত মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রচেষ্টায় বাংলাদেশের এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন তিনি। এ উদ্যোগকে নেপালের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সংহতির প্রকাশ হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা জানান নেপালের প্রধানমন্ত্রী।

চিঠিতে বালেন্দ্র শাহ বলেন, নেপাল বাংলাদেশকে শুধু ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে নয়, জনগণের সঙ্গে জনগণের দৃঢ় সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠা একজন প্রিয় বন্ধু হিসেবেও দেখে।

দুর্যোগের মতো কঠিন সময়ে বাংলাদেশের সহমর্মিতা ও সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, নেপালের প্রতি বাংলাদেশের এই মানবিক অবস্থান তাদের গভীরভাবে স্পর্শ করেছে এবং তা দীর্ঘদিন স্মরণে থাকবে।

আরও সংবাদ লোড হচ্ছে...