সফরসঙ্গী আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব প্রধানমন্ত্রীর

জাপান সফরে আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে সঙ্গে নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের জীবনযাত্রা ও জীবিকার সংকট নিয়ে আলোচনা না করে সফরসঙ্গীর ভূমিকা এবং সরকারি অর্থ ব্যয় নিয়ে সমালোচনা করা হচ্ছে।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের টোকিওর হোটেল নিউ ওতানিতে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সফরসঙ্গী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি তাঁর কাছে বিস্ময়কর মনে হয়েছে। তাঁর ভাষ্য, গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সফরসঙ্গী তারেকের অবদান না থাকা এবং তাঁকে সঙ্গে নিতে সরকারি অর্থ ব্যয়ের বিষয়টি নিয়ে নানা মন্তব্য করা হচ্ছে।
দেশের বিভিন্ন সংকটের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এসব বিষয় নিয়ে আলোচনা না করে অন্য বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি মনে করেন, মানুষের জীবনমান উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আরও বেশি আলোচনা হওয়া প্রয়োজন।

