রাজধানীর শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপি বেগমের জন্য নির্মাণ করা নতুন বাড়ির চাবি শুক্রবার তার হাতে তুলে দেওয়া হবে।
‘আমরা বিএনপি পরিবার’-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে শুক্রবার সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে গোলাপি বেগমের হাতে বাড়ির চাবি তুলে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের উদ্যোগে গোলাপি বেগমের জন্য বাড়িটি নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে চাবি হস্তান্তর করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
এর আগে শাহবাগের ফুটপাতে বসবাসকারী গোলাপি বেগমের দুর্দশার বিষয়টি প্রকাশ্যে এলে তার চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। পরে স্থায়ী পুনর্বাসনের অংশ হিসেবে নবীনগরের রতনপুর গ্রামে তার জন্য নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।


