বাংলাদেশের সঙ্গে চিকিৎসা পর্যটনে সহযোগিতা বাড়াতে আগ্রহী পাকিস্তান

পাকিস্তানের হাইকমিশনার বলেন, সাংস্কৃতিক বিনিময় এবং একে অপরের ঐতিহাসিক ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে জানার সুযোগ সৃষ্টির মাধ্যমে পর্যটন বাংলাদেশের ও পাকিস্তানের জনগণকে আরও কাছাকাছি আনতে পারে।
ইমরান হায়দার বলেন, দুই দেশেই রয়েছে সমৃদ্ধ পর্যটনসম্পদ। এর মধ্যে রয়েছে ঐতিহাসিক নিদর্শন, সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্যবাহী খাবার এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য।
পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার বলেন, তুলনামূলক সাশ্রয়ী ব্যয়ে বাংলাদেশ ও পাকিস্তানের বিভিন্ন পর্যটন আকর্ষণ উপভোগ করা সম্ভব। ফলে দুই দেশের মধ্যে পর্যটন বিনিময়ের সম্ভাবনা বিশেষভাবে আশাব্যঞ্জক।
জনগণের মধ্যে যোগাযোগভিত্তিক কূটনীতির মাধ্যম হিসেবে পর্যটনকে আরও গুরুত্ব দেওয়ার এবং এ খাতে সহযোগিতা জোরদারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
ইমরান হায়দার বলেন, ‘আমার মনে হয়, কূটনীতির এ দিকটিতে আমাদের মনোযোগ দেওয়া এবং এ ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারের চেষ্টা করা প্রয়োজন।’
আন্তর্জাতিক পর্যটন মেলায় পাকিস্তানের প্রতিনিধিদলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানোর জন্য ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) প্রতি, বিশেষ করে সংগঠনটির সভাপতির প্রতি কৃতজ্ঞতা জানান হাইকমিশনার।

