রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে কারখানা বন্ধ ও উৎপাদন ব্যাহত করার চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ইতোমধ্যে যেসব কারখানা বন্ধ হয়েছে, সেগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন এলাকায় যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার অনেক ক্ষেত্রেই পোশাকশ্রমিকদের দাবি-দাওয়ার সঙ্গে সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে কোনো কোনো মহল উৎপাদন বন্ধ রাখার জন্য উসকানি দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।
শ্রমিকদের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দাবিগুলো পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিকেরা এতে সন্তুষ্ট হয়েছেন। শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রায় সবার সঙ্গে কথা হয়েছে। আলোচনায় উভয় পক্ষই সন্তুষ্ট।
মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দর-কষাকষির মাধ্যমে মজুরি নির্ধারণের বিষয়টি সামনে আসবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় বিবেচনায় রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা মজুরি বোর্ডেই হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা চলমান রয়েছে। এ অবস্থায় নতুন করে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই। যারা কারখানা বন্ধের চেষ্টা করছে কিংবা উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

