দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে নাশকতার অপচেষ্টা: রিজভী

রুহল কবির রিজভী বলেন, সংবিধান একটি জাতির আত্মজীবনী। সময়ের প্রয়োজনে এতে বিভিন্ন সংশোধনী আসে। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি বা অন্য দলগুলোর কিছু নোট অব ডিসেন্ট (ভিন্নমত) থাকতেই পারে। তবে এসবের সমাধান লং মার্চ কিংবা সড়ক অবরোধ করে হয় না; এর সমাধান হতে হবে আলোচনার টেবিলে এবং জাতীয় সংসদে টু-থার্ড মেজরিটির মাধ্যমে।
বক্তব্যের শুরুতে আইনজীবী ফোরামের ৩৫ বছরের ঐতিহ্য স্মরণ করে রিজভী বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে আদালত প্রাঙ্গণই ছিল তৎকালীন বিরোধীদলীয় নেতাকর্মীদের শেষ আশ্রয়স্থল। তিনি নিজের টানা ৩৫ দিনের রিমান্ডের স্মৃতি তুলে ধরে বলেন, আইনজীবীদের সম্মিলিত প্রতিবাদ ও আইনি লড়াই না থাকলে আমাদের ওপর জুলুমের মাত্রা আরও বাড়ত।
বেগম খালেদা জিয়ার কারাদণ্ড ও তার ওপর চালানো দূরভিসন্ধিমূলক আচরণের জন্য তৎকালীন বিচার ব্যবস্থার দলীয়করণের তীব্র সমালোচনা করেন তিনি। রিজভী জোর দিয়ে বলেন, বিএনপি এ দেশের মাটিতেই থাকবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত না করে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠাতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট খোরশেদ আলম ও সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট নিহার হোসেন ফারুক। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট বোরহানউদ্দিন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহসিন মিয়া, জেলা পিপি অ্যাডভোকেট ইকবাল হোসেন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতা ওমর ফারুক কাওসার প্রমুখ।

