‘আপা আসবে তাই চলে যাচ্ছি’, প্লেনের ছবি পোস্ট করে আসিফ মাহমুদ

নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিনজন নেতার সঙ্গে প্লেনের ভেতরে তোলা একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে এ পোস্ট দেন আসিফ মাহমুদ। ছবিতে তার সঙ্গে আরও ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ।
তবে ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ৪ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে যাত্রার সময় ছবিটি তোলা হয়েছে। এ অধিবেশনে অংশ নিতে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদল দেশটিতে যাচ্ছে।
এবারের অধিবেশনে ৩৯টি দেশের ৯২টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন। দক্ষিণ কোরিয়ার প্রধান দুটি রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া ও পিপল পাওয়ার পার্টি সম্মেলনটির সহ-আয়োজক। সম্মেলনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, অভিজ্ঞতা বিনিময়, গণতন্ত্র, সুশাসন ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
এ উপলক্ষে নিজের ফেসবুক পোস্টে মনিরা শারমিন লেখেন, ‘দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশি ভাইবোনদের সঙ্গে দেখা হচ্ছে! এনসিপির নেতৃবৃন্দের সফর উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভায় আপনাদের সবার সঙ্গে দেখা ও মতবিনিময়ের প্রত্যাশায় রইলাম।’

