হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ৫০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সিঙ্গাপুর থেকে আসা বিজি-৫৮৫ ফ্লাইটটির টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছিল এসব স্বর্ণবার।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে স্বর্ণের চালান থাকার তথ্য পেয়ে তল্লাশি শুরু করেন কাস্টমস গোয়েন্দারা।
প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর উড়োজাহাজটির টয়লেটের ভেতর থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১০ তোলা। সব মিলিয়ে উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ ৫০০ তোলা, যা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।
যাত্রীর শরীর বা লাগেজে না পাওয়া গিয়ে উড়োজাহাজের টয়লেট থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধারের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে কর্তৃপক্ষ। এই চালানের সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র কিংবা বিমানবন্দরের সংশ্লিষ্ট কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানিয়েছে, বিমানবন্দরকে ব্যবহার করে স্বর্ণ চোরাচালান বন্ধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


