নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধ কমছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নৈতিক শিক্ষা, ইসলামিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে। সামাজিক অবক্ষয় রোধ করতে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত 'হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমরা যদি দ্বীনি শিক্ষা থেকে পিছিয়ে যাই তবে তা জাতির জন্য কোন মঙ্গল বয়ে আনবে না। ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আগামী দিনের শিক্ষা ব্যবস্থার মাঝে ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তির কোন বিকল্প নেই। এজন্য আমাদেরকে ধর্মীয় শিক্ষায় আরও গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, আজকের পৃথিবীতে টিকে থাকতে হলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে। এজন্য ধর্মীয় শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ আধুনিক শিক্ষার সমন্বয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বলেও মন্ত্রী এ সময় উল্লেখ করেন।

