শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

দাফনের জমি নেই, বসতঘরেই বৃদ্ধের মরদেহ দাফন

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পিএম
দাফনের জমি নেই, বসতঘরেই বৃদ্ধের মরদেহ দাফন

দাফনের জন্য নিজস্ব বা সামাজিক কবরস্থানে জায়গা না থাকায় শেরপুরের শ্রীবরদীতে বসতঘরের ভেতরেই দাফন করা হয়েছে আব্দুল করিম (৬০) নামের এক বৃদ্ধকে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) উপজেলার তাতিহাটী ইউনিয়নের শালমারা এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া আব্দুল করিম শালমারা গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতভিটার জমি ছাড়া তার আর কোনো জমি নেই। ওই এলাকায় পারিবারিক কবরস্থান থাকলেও সাধারণ মানুষের দাফনের জন্য নির্ধারিত কোনো গণকবরস্থান নেই। ফলে কেউ কেউ বাড়ির আঙিনায়, বসতবাড়ির সামনে কিংবা ঘরের পাশে স্বজনদের দাফন করেন। তবে আব্দুল করিমের পরিবারের অন্য কোনো জমি না থাকায় তাকে বসতঘরের ভেতরেই দাফন করা হয়।

শালমারা গ্রামের বাসিন্দা মাসুদ মিয়া বলেন, ‘এলাকায় একটি গণকবরস্থান স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু কেউ এগিয়ে না আসায় আব্দুল করিমকে তার ঘরের ভেতরেই দাফন করতে হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক ও লজ্জার।’

আব্দুল করিমের মেয়ে রিক্তা পারভীন বলেন, ‘বসতঘরের জায়গা ছাড়া আমাদের আর কোনো জমি নেই। তাই বাধ্য হয়ে বাবাকে ঘরের ভেতরেই দাফন করেছি। তবে ভবিষ্যতে যেন আর কোনো স্বজন বা এলাকার কাউকে এভাবে ঘরের ভেতর দাফন করতে না হয়, সে জন্য এলাকায় একটি গণকবরস্থান করা প্রয়োজন।’

তাতিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, শালমারা এলাকায় কোনো গণকবরস্থান নেই। বিষয়টি জানার পর মঙ্গলবার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশের ষাইটকাকড়া গণকবরস্থানে মরদেহ দাফনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...