শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

দেশের উপজেলা হাসপাতালগুলো হবে ১৫১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম
দেশের উপজেলা হাসপাতালগুলো হবে ১৫১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে দালাল চক্র বিগত সরকারের সময়ে গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ১০ দিনের মধ্যে ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বানের পরিকল্পনা রয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সরকারি সফরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না। নির্ধারিত শর্ত পূরণ না করা ক্লিনিকগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চিকিৎসাসেবার অবকাঠামো গড়ে তোলা হবে। পরিকল্পনা অনুযায়ী, ১৫১ শয্যার উপজেলা হাসপাতালগুলোতে ১০টি ডায়ালাইসিস মেশিনসহ ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। এসব কেন্দ্রে স্থানীয়ভাবে ২০ জন রোগী সেবা নিতে পারবেন।

এ ছাড়া মাতৃত্বকালীন সেবার জন্য ২০টি এবং নবজাতকদের জন্য ২০টি শয্যা রাখা হবে। নারী ও পুরুষের জন্য পৃথক দুটি ফিজিওথেরাপি সেন্টার এবং উন্নত মানের প্যাথলজি সেবার ব্যবস্থাও থাকবে।

ইউনিয়ন পর্যায়ে তিনতলা ভবন, নিয়োগ হবে ২৫ হাজার মিডওয়াইফ

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে ডরমিটরিসহ তিনতলা ভবন নির্মাণ করা হবে। এসব ভবনে চিকিৎসকদের থাকার ব্যবস্থা থাকবে। এ প্রকল্পের দরপত্রও একই সময়ে আহ্বানের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ইউনিয়নের অধীন প্রতিটি পুরোনো ওয়ার্ডে একটি করে মেডিকেল ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপন করা হবে। এসব কেন্দ্রে মিডওয়াইফরা দায়িত্ব পালন করবেন। এ জন্য ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, এসব কেন্দ্রে নারীদের স্তন ক্যানসার ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে স্ক্রিনিং, রক্ত পরীক্ষা, জ্বর এবং উচ্চ ও নিম্ন রক্তচাপ পরীক্ষার ব্যবস্থা থাকবে। রোগীদের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের জন্য কার্ড দেওয়া হবে।

রোগের ধরন ও জটিলতা অনুযায়ী ইউনিয়ন, উপজেলা, জেলা এবং সর্বশেষ তৃতীয় স্তরের (টারশিয়ারি) হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

১১০০ ডায়ালাইসিস মেশিনের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন

স্বাস্থ্যমন্ত্রী জানান, এরই মধ্যে এক হাজার ১০০টির বেশি ডায়ালাইসিস মেশিনের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি এবং প্রতিটি জেলা হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস মেশিন দেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...